রেললাইনের পাশজুড়ে গড়ে উঠছে ব্যবসাপ্রতিষ্ঠান রেলের কর্মরতদের অভিযোগ,মাসিক চাঁদা আদায়ে নেতৃত্ব দিচ্ছেন পিডব্লিউ তাপস। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় রেলওয়ের জমিতে একের পর এক স্থাপনা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়,এসব অবৈধ স্থাপনার নিয়ন্ত্রণে রয়েছেন রেলওয়ের কর্মচারী পিডব্লিউ তাপস। দীর্ঘদিন ধরে তিনি এসব স্থাপনা থেকে নিয়মিত মাসোহারা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। রেলের একাধিক কর্মরত ওয়েম্যান অভিযোগ করেন, “রেললাইনের পাশ ঘেঁষে যতগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠেছে,সবগুলো থেকেই নিয়মিত চাঁদা আদায় করেন তাপস। এই কাজে তার সহযোগী হিসেবে কাজ করছে রাজু নামের এক কিম্যান।”
সরেজমিনে কুমিরা জলিল রেলক্রসিং এলাকায় দেখা যায়,রেলওয়ের জমিতে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। গাড়ি চলাচল রোধে কিছু পিলার বসানো হলেও সম্প্রতি একটি পাইপ ফ্যাক্টরির সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করে সেই পিলারগুলো তুলে নেওয়া হয়।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পিডব্লিউ তাপসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “কে বা কারা পিলার তুলেছে, আমি জানি না।”তবে সফি নামে এক রেলকর্মচারীর দাবি,“পিডব্লিউ স্যারের নির্দেশেই পিলার গুলো তুলে নেওয়া হয়েছে।”
অন্যদিকে ইসলামিয়া ইউনিভার্সিটি সংলগ্ন রেলক্রসিং এলাকার পাশেও বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ,এখান থেকেও রাজু নামের কিম্যানকে দিয়ে মাসিক চাঁদা তোলেন তাপস। অবৈধ স্থাপনাগুলোর একটিতে বসবাসরত জালাল নামের এক ব্যক্তি জানান,“স্থাপনা করতে রাজুকে ২০ হাজার টাকা দিতে হয়েছে।”
বিষয়টি নিয়ে বিভাগীয় প্রকৌশলী(১) মোঃ আব্দুর রহিম বলেন,“আমি আগে বিষয়টি জানতাম না। তবে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


