মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইনসাফ ও মানবাধিকারের প্রতিষ্ঠায় রাজনীতিতে সুফিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর মিরপুর-১ খানকাহ শরীফে মাইজভাণ্ডারী খলিফা সম্মেলন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “সুফিরা ধ্যান, সাধনা ও জিকির-আযকারের মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধতার জন্য কাজ করেন। তারা সর্বদা শান্তিপ্রিয় এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখেন। কিন্তু যখন সমাজে অন্যায়-অবিচার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সুফিরাই সর্বপ্রথম প্রতিবাদে এগিয়ে আসে।”
তিনি আরও বলেন, “এক শ্রেণির সুবিধাবাদী গোষ্ঠী সুফি পীর-মাশায়েখদের খানকাহ-দরবারে সীমাবদ্ধ রাখতে চায়। তারা সুফিদের রাজনীতিতে অংশগ্রহণকে ভয় পায়, কারণ রাজনীতিতে ভালো মানুষের উত্থান হলে ধর্মের নামে উগ্রবাদ ছড়ানোর পথ বন্ধ হয়ে যায়। সুফিদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে তারা সুফিবাদী সুন্নি জনতাকে আর বিভ্রান্ত করতে পারবে না। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার।”
আগামী জাতীয় নির্বাচনে সুফিবাদী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং উগ্রবাদীদের বিষ দাঁত উপড়ে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন বিএসপি চেয়ারম্যান।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। এছাড়া বক্তব্য রাখেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের খলিফাবৃন্দ, ট্রাস্ট ও মইনীয়া যুব ফোরামের নেতাকর্মীরা।
সম্মেলনের শেষে মিলাদ-কিয়াম ও আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী।


