সর্বশেষ

ভোট দিতেই ২–৩ মিনিট’, ঢাকা–১৫ এর কেন্দ্রে সময় নিয়ে ভোটগ্রহণ

DCV Desk

ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গড়ে দুই থেকে তিন মিনিট সময় লাগছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে এ কেন্দ্রে এখন পর্যন্ত ১০ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। সকাল ৯টা পর্যন্ত ৩ হাজার ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোট দিয়েছেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “প্রত্যেকটি ভোটারকে সঠিক প্রক্রিয়ায় ভোট দেওয়াতে কিছুটা সময় লাগছে। তবে এতে কোনো সমস্যা হচ্ছে না।”

কিন্তু ভোটারদের অভিযোগ, প্রক্রিয়া জটিল ও ধীরগতির কারণে তাদের অপেক্ষা করতে হচ্ছে। শামসুল ইসলাম নামের এক ভোটার সকাল ৯টায় ভোট দিয়ে বেরিয়ে বলেন, “ভোট দিতেই দুই-তিন মিনিট সময় লাগছে। ২০২৪ সালে কেন্দ্রে এসে দেখেছিলাম আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। এবার কোনো সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি।” ছয় বছর আগে ভোটার হলেও এটাই তাঁর প্রথম ভোট।

অন্য কেন্দ্রেও একই চিত্র। একই শিক্ষাপ্রতিষ্ঠানের আরেকটি পুরুষ কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে ২০৪টি। এ কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩৭১ জন।

প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসাইন বলেন, “সকালে কিছুটা চাপ ছিল, এখন কমে এসেছে। ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টরা উপস্থিত রয়েছেন।”

নারী কেন্দ্রে ভোটার কম । একই প্রতিষ্ঠানের দুটি নারী ভোটকেন্দ্রের একটিতে ভোটার ৩ হাজার ১৫৫ জন। সকাল ৯টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫০ জন। আরেকটি নারী কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৮২ জন, ভোট দিয়েছেন ১২৭ জন।

একটি নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টরা আছেন। অন্য দলের এজেন্ট আসেননি।”

অপর নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর কেন্দ্রে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও প্রজাপতি প্রতীকের এজেন্ট উপস্থিত রয়েছেন।

নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী । সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ভোটার, সাংবাদিক ও পর্যবেক্ষক ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রের সামনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা অবস্থান নিয়েছেন।

আসনভিত্তিক তথ্য । ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন ও তৃতীয় লিঙ্গের চারজন ভোটার রয়েছেন।

এ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন— শফিকুল ইসলাম খান (ধানের শীষ) শফিকুর রহমান (দাঁড়িপাল্লা) সামসুল হক (লাঙল) আহাম্মদ সাজেদুল হক (কাস্তে) খান শোয়েব আমান উল্লাহ (কলম) মোবারক হোসেন (একতারা) আশফাকুর রহমান (মোটরগাড়ি) নিলাভ পারভেজ (প্রজাপতি) সংশ্লিষ্টদের মত । কেন্দ্রে ধীরগতি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতেই এ সময় লাগছে। তাঁরা আশা করছেন, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা