মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক যুবকসহ দুজন নিহত হয়েছেন । নিহতরা হলেন- রেহনা আকতার তানিয়া (২৪) ও মোঃ পারভেজ (১৯)। এ ঘটনায় কাজলী দাশ (৫০) নামের আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় নাজিরহাট পৌর এলাকার আজম রোড়ের মাথায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে ও নিহত পারভেজ ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের কুলালপাড়ার মোঃ ইউসুপের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আজম রোডের মাথায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে নিকটতম ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত রেহনা আকতার তানিয়াকে মৃত্যু ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। আহত পারভেজ ও কাজলী দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আহত পারভেজ মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত নারী-পুরুষসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। সেখানে একজন নারী মৃত ছিল। আহত হাত বিচ্ছিন্ন হওয়া যুবক ও অপর আহত নারীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ শাহেদ বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


