শেখ হাসিনার আমল মানে ছিলো গুম-খুন ও হরিলুটের আমল’ এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের টাকাকে নিজের টাকা ও জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করতো শেখ হাসিনা। আর ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যান নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায় নি। আজ তিনি চরম অসুস্থ, আপনারা সকলে গণতন্ত্রের মাতার জন্য দোয়া করবেন’।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১২টায় হাটহাজারী পৌরসভার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রুহুল কবির রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবেলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম কাজ করেছেন। নিজ স্বার্থের জন্য করেননি, দেশ ও মানবতার তরে তিনি কাজ করেছেন’ মীর হেলাল সম্পর্কে বলেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদেরকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং তাদের প্রতি ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস, হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, সদস্য সচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ শুক্কুর নেতৃবৃন্দ।


