বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় কক্সবাজারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকেলে পেকুয়া চৌমুহনী চত্বরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান-এর পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। এ কর্মসূচি পরিচালনা করেন সমাজকর্মী নেজাম উদ্দিন।
এ সময় পেকুয়া চৌমুহনীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ ও আপ্যায়নের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এ বিষয়ে লায়ন মুজিবুর রহমান বলেন, “জননেতা সালাহউদ্দিন আহমদ বরাবরই আমাদের গর্বিত করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজারবাসী ধন্য। আমরা তাঁর সাফল্য কামনা করি।” উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। তিনি পূর্বে বিএনপি জোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। তাঁর মন্ত্রিত্ব লাভকে কক্সবাজারবাসী জেলার জন্য ইতিবাচক সম্ভাবনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন।


