চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্থিতি বজায় রাখতে মনিটরিং জোরদার করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটা বন্ধ এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন সরকার গঠনের পর এটি ছিল উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক এস. এম. রাহাতুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম. সাজেদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান, সাংবাদিক জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, হাবিবুর রহমান, সরোয়ার উদ্দিন ও ইরফাত হোসেন চৌধুরী। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে বিভিন্ন দপ্তরের কার্যক্রম গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


