সর্বশেষ

উদ্যোক্তার সক্ষমতা বৃদ্ধিই হতে পারে সফলতার মূলমন্ত্র

বাংলাদেশসহ পৃথিবীর সবখানেই এখন উদ্যোক্তা হওয়ার হিড়িক। প্রতিদিন নতুন আইডিয়া জন্ম নিচ্ছে,নতুন স্টার্টআপের ঘোষণা আসছে,সোশ্যাল মিডিয়ায় ফাউন্ডার পরিচয় বাড়ছে।কিন্তু একই সঙ্গে নীরবে হারিয়ে যাচ্ছে অসংখ্য বিপ্লবী ও ঐতিহাসিক উদ্যোগ। খুব কম মানুষই এই সকল ব্যর্থতার আসল কারণ নিয়ে কথা বলতে চায়।

একটা আইডিয়া যতো যুগান্তকারীই হোক না কেনো যদি সিদ্ধান্ত নেওয়া ও সঠিকভাবে একটা টীম পরিচালনা করা,ক্যাশ ফ্লো বোঝা,ভুল থেকে শিক্ষা নেয়া,সময়মতো সঠিক সিদ্বান্ত নিতে পারা,এই সক্ষমতা গুলো না থাকলে সবচেয়ে ভালো আইডিয়াও মুখ থুবড়ে পড়ে বা ব্যর্থতায় রূপ নেয়।

এছাড়াও,একটা ব্যাবসায়িক উদ্যোগের জন্য সঠিক ও উপযুক্ত মেন্টরশীপ থাকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তারা প্রায়ই তাদের ব্যাবসায়িক উদ্যোগের সমস্যাগুলো নিজেরা সমাধানের চেষ্টা করেন। যে কারণে তাঁরা হয়তো এমন কিছু ভুল করে থাকেন যা সঠিক মেন্টরশীপ পেলে এর থেকে এড়ানো যেতো খুবই সহজে। সঠিক মেন্টরশীপ না পেলে একই ভুল বারবার হয়,সময় নষ্ট হয়,পুঁজি শেষ হয়,তারপর উদ্যোগটিকে “ব্যর্থ” বলে দাফন করে দেয়া হয়।আর আমরা খুব সহজে বলি মার্কেট ভালো ছিল না,ইনভেস্টর পাইনি,সময় খারাপ ছিল ইত্যাদি।

কিন্তু প্রশ্ন হলো,সঠিক দিকনির্দেশনা থাকলে এই ভুলগুলোর কতটুকো এড়ানো যেত…? সবচেয়ে অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নেটওয়ার্কিং। অনেক উদ্যোক্তা এখনও মনে করেন, ভালো প্রোডাক্ট থাকলে মার্কেট শেয়ার কিংবা প্রোডাক্ট বিক্রি করা সহজ হবে, বাস্তব চিত্র ভিন্ন। নেটওয়ার্ক ছাড়া উদ্যোক্তা হওয়া মানে অন্ধকারে একা দৌড়ানো। সঠিক নেটওয়ার্কিং এর ফলে একটা ব্যবসায়িক উদ্যোগের জন্য সঠিক পার্টনার পাওয়া থেকে শুরু করে,মুলধন পাওয়া,কিংবা বৃহত্তর পরিসরে প্রোডাক্ট প্রচারণাও সহজ হয়ে উঠে।

এই জায়গাতেই আমাদের উদ্যোক্তা গোষ্ঠী ও সংস্কৃতি পিছিয়ে রয়েছে। আমরা প্রশ্ন করতে ভয় পাই,সাহায্য চাইতে সংকোচ বোধ করি,অভিজ্ঞ মানুষের কাছে যেতে দ্বিধাবোধ করি। অথচ বিশ্বজুড়ে সফল উদ্যোক্তারা ঠিক উল্টোটা করেন,তারা শিখতে দ্বিধা করেন না,নেটওয়ার্কিং এ প্রচুর সময় দেন এবং নিজেকে একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে গড়ে তোলেন।

উদ্যোক্তা মানে একার লড়াই এই ধারণা ভাঙার সময় এখনই। নতুন উদ্যোক্তাদের উচিত শেখার মানসিকতা থাকা, নেটওয়ার্কিং তৈরি করা এবং জড়তা কাটিয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া।

যদি আমরা সফল উদ্যোক্তা হতে চাই, তাহলে শুধু আইডিয়া নয় বরং সক্ষমতা বৃদ্ধি মেন্টরশিপ এবং নেটওয়ার্কিং এ প্রচুর সময় বিনিয়োগ করতে হবে। নাহলে আমরা শুধু নতুন উদ্যোগের জন্ম দেখবো কিন্তু টিকে থাকার গল্প খুব কমই শুনব।

উদ্যোক্তা হওয়া কোনো স্ট্যাটাস নয়।এটি একটি দায়িত্ব ও আবিষ্কার যা নিজের প্রতি ও নিজের টিমের প্রতি এবং পুরো ইকোসিস্টেমের প্রতি ঐক্যবদ্ধ থাকা।

লেখক:

তাফহিমুর রহমান,

শিক্ষক, উদ্যোক্তা মেন্টর ও প্রশিক্ষক।

ইমেইল: tafhimur.rahman@gmail.com

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা