নিউজ ডেস্ক : মানিকগঞ্জ, ৩ জুলাই মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য দুর্জয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।
সূত্রে জানা যায়, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার লালমাটিয়ায় দুর্জয়ের মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করার আদেশ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুর্জয়ের বিরুদ্ধে চলমান তদন্তে আরও নতুন অভিযোগ উঠে আসতে পারে। মামলাগুলোর তদন্ত এবং বিচার কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।


