নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ৫টা ৪০ মিনিটে বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইং কর্মকর্তা তালহা বিন জাসিম জানান, চৌমুহনী ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু করে।
নিহতরা হলেন, বুলি বেগম (৫৫), লাভনী বেগম (৩৫), রেশমা আক্তার (১০), মীম আক্তার (২), লামিয়া আক্তার (৯), খুরশিদা বেগম (৫৫), ফয়জুন নেছা (৮০) তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের বাসিন্দা এবং পরস্পর আত্মীয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, পরিবারটি ঢাকা থেকে মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুরের নিজ বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়।
তিনি বলেন, “ঘটনার সময় চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।” বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। চালককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।


