সর্বশেষ

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে হত্যার হুমকি, অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জাহান ভুইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায়। ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন এ ঘটনায় রাতেই সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ ও এলাকাবাসীর ভাষ্যমতে, প্রবাসী সোহরাব হোসেন তার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এ খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি শাহ জাহান ভুইয়া তার অনুসারীদের নিয়ে পুকুরে উপস্থিত হন এবং মাছ চাষ করতে হলে এককালীন ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন।

সোহরাব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহ জাহানের নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভুইয়াসহ ৭-৮ জনের একটি দল তাকে মারধর করে। একপর্যায়ে শাহ জাহান ভুইয়া হাতে থাকা বন্দুক সোহরাবের দিকে তাক করে প্রকাশ্যে গুলি করার হুমকি দেন। এ সময় সোহরাবের স্ত্রী তাকে বাধা দিতে গেলে শাহ জাহান বন্দুকের বাট দিয়ে তাকে আঘাত করে আহত করেন।

এই বিষয়ে জানতে চাইলে শাহ জাহান ভুইয়া বলেন, “সোহরাব আওয়ামী লীগের লোক। সে কিভাবে এলাকায় থেকে মৎস্য চাষ করে?” তবে তিনি চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ অস্বীকার করেন।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভুইয়া মাসুম বলেন, “ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও হত্যার হুমকির ঘটনায় ভীত ও উদ্বিগ্ন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা