গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে দীর্ঘ এক যুগ পর সংঘটিত হলো এক ভয়াবহ ডাকাতির ঘটনা। শুক্রবার (২৩ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে ফুলা পুকুর পাড় সংলগ্ন হাজী সোলেমানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, ডাকাত দল চালের টিন কেটে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে এবং শয়নকক্ষের দরজা ভেঙে হাজী সোলেমান ও তার ভাই মৃত আবুল কালামের পরিবারের নারী সদস্যদের মারধর করে। দুই পরিবার থেকে লুট করা হয় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ ৪ টাকা, দুটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল।
ভুক্তভোগী জাহেদুল ইসলাম ইমরুল বলেন, “ডাকাতরা আমার স্ত্রী ও চাচাতো বোনকে মারধর করে এবং আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। আমি শহরে নাইট শিফটে কর্মরত ছিলাম, বাড়িতে আমার বৃদ্ধ বাবা ছাড়া কোনো পুরুষ সদস্য ছিল না। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
একই পরিবারের সদস্য আয়শা বেগম জানান, “ডাকাত দলের সদস্যরা আমাকে হাত-পা বেঁধে ঘরে তাণ্ডব চালায় এবং স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে। আমি স্বামী-নিহীন একজন নারী, আমার পরিবারের শেষ সম্বলটুকু তারা নিয়ে গেছে।”
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন জানান, আজানের সময় তিনি কিছু তরুণকে পালাতে দেখে টর্চলাইট জ্বালালে তারা বিল পার হয়ে গুচ্ছ গ্রামের দিকে পালিয়ে যায়। পাশের একটি গরুর খামারের সিসিটিভি ফুটেজে ১১-১২ জনের একটি ডাকাত দলকে দেশীয় অস্ত্রসহ ভোর ৪টা ২৩ মিনিটে পালাতে দেখা যায়।
এ ঘটনায় রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, “ভুক্তভোগী পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি এবং অভিযানে নেমেছি। লুটকৃত একটি মোবাইল ফোন শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত চালু ছিল। রাতে বড় পরিসরে অভিযান চালানো হবে।”
এদিকে, এলাকাবাসী এবং ভুক্তভোগীরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


