দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র তথা মৎস্য হেরিটেজ ‘হালদা নদী’ থেকে একটি মৃত ডলফিনের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নদীর হাটহাজারী অংশের উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকায় নদীতে ভেসে থাকা ডলফিনটি উদ্ধার করেন পাহারাদার মোঃ আলামগীর।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী বলেন, ধারণা করা হচ্ছে এটি জালে আটকা পড়ে শক্ত কোনো বস্তুর সাথে আঘাত পেয়ে মারা গেছে, সম্ভবত ৩-৪দিন পূর্বে। মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট থেকে জানা যায়, এর দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্ত ১ ফিট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং বয়স ২-৩ বছর হতে পারে। শরীরে পচন ধরেছে। শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
তিনি আরও জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিতচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে ডলফিনের মৃত্যুর পরিমাণ বাড়ছে, যা হালদা নদীর জীববৈচিত্র্যের জন্য হুমকি’ যোগ করেন, মৎস্য কর্মকর্তা শওকত আলী।


