বার্ষিক পিকনিক আয়োজনের ধারাবাহিকতায় রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন (আরজেএ) সফলভাবে সম্পন্ন করেছে তিনদিন দুই রাতের বান্দরবান ভ্রমণ। মেঘ-পাহাড়, ঝর্ণা, নৈসর্গিক সৌন্দর্য ও আদিবাসী সংস্কৃতির ছোঁয়ায় ভরপুর এ ভ্রমণ সাংবাদিকদের জন্য হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা।
গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাসযোগে আরজেএ’র সদস্যরা বান্দরবানের উদ্দেশে রওনা হন। দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরে পৌঁছে হালকা নাস্তা শেষে তারা বালাঘাটা বাজারের তুলা উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে অবস্থান নেন, যেখানে সংগঠনের জন্য পুরো ভবনটি আগেই নির্ধারিত ছিল।
সংক্ষিপ্ত বিশ্রাম শেষে সাংবাদিক কাজী জুয়েলের ব্যবস্থাপনায় জিপে করে সদস্যরা নিলাচল ও প্রান্তিক লেক ভ্রমণে বের হন। শান্ত পরিবেশ, পাহাড়ঘেরা জলাশয় ও মেঘে ঢাকা প্রাকৃতিক দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। দিনশেষে সবাই রেস্ট হাউজে ফিরে ঘরোয়া পরিবেশে রান্না ও আনন্দঘন আড্ডায় সময় কাটান।
এ সময় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান। সংক্ষিপ্ত বক্তব্যে আরজেএ’র সভাপতি এস এম পিন্টু বলেন, “এ ধরনের ভ্রমণ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং পেশাগত কাজের ক্লান্তি দূর করতে সহায়ক ভূমিকা রাখে।”
দ্বিতীয় দিনের সকাল শুরু হয় নাস্তার মাধ্যমে। পরে জিপে করে সদস্যরা ২২০০ ফুট উচ্চতায় অবস্থিত নীলগিরি পর্যটন কেন্দ্র ভ্রমণে যান। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করে পাহাড়, মেঘ ও সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন তারা। দুপুরের খাবার শেষে ফেরার পথে শৈলপ্রপাত ঝর্ণা ও স্থানীয় আদিবাসী বাজার ঘুরে দেখেন সাংবাদিকরা।
সন্ধ্যায় বান্দরবান শহরের অভিজাত রিসোর্ট মেঘদূতে নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় আরজেএ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবান সেনা জোনের এনসিও মঞ্জুরুল ইসলাম ও সোহান। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তাঁর অফিস ও বাসভবনে চা-চক্র ও ফটো সেশন অনুষ্ঠিত হয়।
রাত ৯টার মধ্যে সবাই আবার রেস্ট হাউজে ফিরে ঘরোয়া পরিবেশে নৈশভোজ ও আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। ভ্রমণের শেষ দিন শনিবার সকালে নাস্তা শেষে দুপুর ১২টায় বাসযোগে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন সদস্যরা।
এ বিষয়ে আরজেএ’র সভাপতি এস এম পিন্টু বলেন, “নিরবচ্ছিন্ন সংবাদ সংগ্রহের চাপে আমরা অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। এ ধরনের ভ্রমণ আমাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগায়।”
সভাপতি এস এম পিন্টুর নেতৃত্বে এ ভ্রমণে অংশ নেন সংগঠনের সদস্য সাংবাদিক নাছির উদ্দিন রকি, এম আর আমিন, সেলিম চৌধুরী, ফয়েজ রেজা, শেখ মোরশেদ আলম, রাজীব সেন প্রিন্স, আব্দুল মতিন চৌধুরী রিপন, মোস্তফা জাহেদ, মোঃ আলমগীর, জাহাঙ্গীর আলম, মোঃ এরশাদ, রাকিব উদ্দিন, হাসান সৈকত, পরিতোষ বড়ুয়া রানা, গাজী গোফরান, আনিসুর রহমান ও মোঃ তৈয়ব চৌধুরী।
ভ্রমণের সার্বিক সহযোগিতার জন্য বান্দরবানের সাংবাদিক কাজী জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশন।


