সর্বশেষ

জাতীয় সংসদে নতুন মন্ত্রিসভার শপথ আজ বিকাল ৪ টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আজ (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউয়ে যান চলাচল বন্ধ বা সীমিত রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব গ্রহণের আগে রাষ্ট্রপতির সামনে শপথ নেবেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধিসহ রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে দেশের ৬৪ জেলায় বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীতেও মানিক মিয়া এভিনিউসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় অনুষ্ঠানটি দেখার ব্যবস্থা রাখা হয়েছে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ২০টি স্থানে এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষ অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ভবন ও আশপাশের আকাশসীমায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শনার্থীদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার এবং নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, বিকল্প সড়ক ব্যবহার করতে চালকদের প্রতি অনুরোধ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় যানজট এড়াতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে। নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে সরকারের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও এ অনুষ্ঠান ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা