মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই মোঃ ইয়াছিনের হাতে খুন হয়েছেন ছোট ভাই মোঃ মাসুম (৩৫)। এ ঘটনায় আহত তার মা জুলেখা খাতুন (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোঁলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ঘাতক মোঃ ইয়াসিন পালিয়ে গেছেন। পরের দিন শুক্রবার বিকেলে নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত মাসুম।
জানা যায়, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে নিজ ছোট ভাই মোঃ মাসুম ও মা জুলেখাকে কুপিয়ে গুরুতর জখম করে বড় ভাই মোঃ ইয়াছিন। এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে তাদেরকে নগরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত মাসুম। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান শিপন।
ভূজপুর থানার ওসি মোঃ মাহবুবুল হক বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানা পুলিশ প্রেরণ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


