বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ২২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন নাহিদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাইছার উদ্দীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহছেন আলী, সুরঞ্জিত রুদ্র, উত্তম কুমার দত্ত প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার জানান, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২২৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫টি করে নারিকেল চারা। এই প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষি ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


