সর্বশেষ

সাত তলা ভবন হেলে পড়েছে ফটিকছড়িতে, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদরের কোর্ট পাড় এলাকায় এক ভয়াবহ আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে একটি সাত তলা ভবন প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের ছয়তলা ভবনের গায়ে ঠেকে গেছে। ফলে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনটি নির্মাণ করেছেন পৌরসভার বাসিন্দা মোঃ আবদুল খালেক। তিনি ২০১৯ সালে সাত শতক জমির উপর ছয় তলার অনুমোদন নিয়ে ভবনের কাজ শুরু করেন। তবে পরবর্তীতে নিয়ম লঙ্ঘন করে সাত তলা নির্মাণ করেন। ২০২১-২২ সাল থেকে ভবনে বসবাস শুরু হলেও শুরু থেকেই এর গঠনগত সমস্যা দেখা দেয়। স্থানীয় সূত্র জানায়, নির্মাণের প্রথম দিকে ভবনটি ৩-৪ ইঞ্চি হেলে পড়ে। তখন এলাকাবাসী মৌখিকভাবে পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

সম্প্রতি ভবনটির হেলনের মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৫-১৮ ইঞ্চিতে। এটি বর্তমানে পাশের একটি ছয় তলা ভবনের গায়ে ঠেকে গেছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ভবনটিতে অন্তত ২১টি পরিবার বসবাস করছেন, যাদের জীবন ঝুঁকিতে রয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে তিনি উপ-প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও সহকারী কমিশনার (ভূমি) সহ সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ভবন হেলে পড়ার সত্যতা পাওয়া গেছে। ভবনটির ঝুঁকি নিরূপণে বিশেষজ্ঞ দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী শনিবার তদন্ত শেষে রিপোর্ট দেবে, যার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ভবনটির ছয় তলার অনুমোদন ছিল। তবে মালিক অনুমোদন ছাড়াই সাত তলা নির্মাণ করেছেন। ভবনটির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে কনসাল্টিং প্রতিষ্ঠানকে ঝুঁকিমুক্ত সনদ দিতে বলা হয়েছে।

এদিকে ভবন মালিক মোঃ আবদুল খালেকের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ভবন ও আশেপাশের বাসিন্দারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা