নিউজ ডেস্ক : ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর কালুরঘাট ফ্যাক্টরীর গেইটে চট্টগ্রামে কর্মরত শ্রমিকরা এ মানববন্ধন করেন।
এ সময়ে শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হয়ে তার কাজ করলেও, নিত্যপন্য সামগ্রী সরবরাহ ও বিতরণ ব্যবস্থার ডিপার্টমেন্টে চট্টগ্রাম সহ সারা দেশে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজ করছেন। ইউনিলিভার দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হলেও আমরা ন্যায্য পাওনা থেকে বৈষম্যের শিকার। এজন্য জেলায় কর্মরত শ্রমিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি সরকার ঘোষিত সোপ এন্ড কসমেটিকস শিল্পের নূন্যতম মজুরি বোর্ডের গেজেট অনুযায়ী বাৎসরিক মজুরি বৃদ্ধির হার মূল মজুরির ৫% বৃদ্ধির বাস্তবায়নের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠান সেটি মানছে না বা এ বিষয়ে কোন আলোচনাও করতে চাচ্ছে না। কোম্পানির নিয়ম কানুন সংষ্কার করে বৈষম্যহীন নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে হবে, বেতন বোনাস বৃদ্ধি করতে হবে, চাকুরি নিরাপত্তা ও নিশ্চয়তা বিধান নীতিমালা করতে হবে, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি দিতে হবে এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিপণন শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিষ্ঠা করতে হবে।


