কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি খাস জমি উদ্ধার করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। নানা বাধা, অভিযোগ ও হয়রানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও তিনি অটল ছিলেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়।
বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের চলাচলের রাস্তা ও কবরস্থানের সরকারি খাস জমি একক দখলে নিয়ে গেইট নির্মাণ করে তালা লাগায় নজর মোহাম্মদ শাহ ও মোনাফ সওদগর গোষ্ঠী। এতে সাধারণ মানুষ আপনজনের কবর জেয়ারতে বাধার মুখে পড়েন।
এ অবস্থায় একটি পক্ষ লিখিত অভিযোগ করলে এসি ল্যান্ড কানিজ ফাতেমা তদন্তপূর্বক উভয় পক্ষকে শুনানিতে ডাকেন এবং সরকারি খতিয়ান অনুযায়ী জায়গাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার মৌখিক নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে প্রভাবশালী গোষ্ঠী গেইট লাগিয়ে দখল ধরে রাখে এবং এসি ল্যান্ডের বিরুদ্ধে নানা দপ্তরে অভিযোগ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়রানির চেষ্টা চালায়।
তবুও থেমে থাকেননি কানিজ ফাতেমা। গত ৯ মে বৃহস্পতিবার তিনি আইনগতভাবে জায়গাটি দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন এবং সরকারি সাইনবোর্ড স্থাপন করেন।
স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “মানুষের শেষ আশ্রয় কবরস্থান। একে দখলমুক্ত করে উন্মুক্ত করে দিয়ে তিনি মহান দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নিশ্চয় তাকে এর উত্তম প্রতিদান দেবেন।”
একজন নারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কানিজ ফাতেমার এই সাহসিকতা ও কর্তব্যপরায়ণতা বোয়ালখালীবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।


