সর্বশেষ

শেখ হাসিনাসহ সাবেক তিন সিইসিসহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন। মামলার নম্বর ১১ বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমাউল হক।

মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদা, রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, এসবি’র সাবেক প্রধান মোঃ মনিরুল ইসলাম, ডিজিএফআই ও এনএসআই এর নাম উল্লেখ না করা সাবেক প্রধানগণ এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম।

মামলার বাদী সালাহ উদ্দিন খান বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন পরিচালনায় এ ব্যক্তিরা নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় সংস্থার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের পক্ষে পক্ষপাতদুষ্টভাবে নির্বাচন কার্যক্রম চালিয়েছেন। দিনের ভোট রাতে করে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।”

তিনি আরও জানান, “২০১৮ সালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই চিঠির ছায়ালিপি ও অন্যান্য আলামত এই মামলার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।”

বিএনপির পক্ষ থেকে এই মামলা রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে দেখলেও সরকারপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা