শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ইডিসি ভবনের নির্মাণকাজে চাঁদা না পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান (৫৫) ও পৌরসভার আব্দুল মান্নান (২৭)।
ঘটনাটি ঘটে গত বুধবার সকালে, উপজেলার নির্মাণাধীন ইডিসি ভবনের ৬ষ্ঠ তলায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠান মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মহিব্বুল্লাহ (৫২) বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মহিব্বুল্লাহ জানান, ২০২৪ সালের শুরু থেকে তাদের প্রতিষ্ঠান ইডিসি ভবনের নির্মাণকাজ পরিচালনা করে আসছে। শুরু থেকেই অভিযুক্তরা ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার সকালে কাজ পরিদর্শনে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল নিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে দেয় এবং তাকে মারধর ও জখম করে। এমনকি দেশীয় বন্দুক ঠেকিয়ে জোরপূর্বক তিনটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে এবং তার শপিং ব্যাগে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন মহিব্বুল্লাহ। তবে অভিযুক্ত মুফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “টিকাদার মুহিব্বুল্লার অধীনে থাকা এক শ্রমিকের পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল, চাঁদা দাবি বা কাজ বন্ধ করার কোনো ঘটনা ঘটেনি।”
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, “টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, “প্রায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ইডিসি ভবনের ৬ষ্ঠ তলা নির্মাণের কাজ চলমান রয়েছে। কাজটি পেয়েছে মেসার্স আল আরিফ এন্টারপ্রাইজ।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।


