কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক তিন কোটি টাকা মূল্যে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিপি-২৮ হতে আনুমানিক ৩০০ গজ উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ৩০০ গজ পূর্ব দক্ষিণ কোনে শিয়ালিপাড়া নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২২০০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে চলে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ধানক্ষেতের ভিতরে পরিহিত সাদা পলি ব্যাগের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১০ কাট সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করে।
রাতভর ওই এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান চালায়।ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


