প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী থেকে প্রায় ২০ কেজি ওজনের একটি মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম ব্রুড মাছটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে হালদা নদীর রাউজান অংশে আজিমঘাট এলাকায় নদীতে নিয়মিত টহলের সময় পাহারাদার মো. রওশনগীর আলম অর্ধগলিত অবস্থায় ভাসমান মাছটি দেখতে পান। পরে তিনি মাছটি উদ্ধার করেন। প্রায় ২৬ ইঞ্চি দৈর্ঘ্যের কাতলা মাছটির বয়স আনুমানিক ১১ থেকে ১২ বছর। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে অর্ধেকের বেশি অংশ পচে যাওয়ায় এর অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাছটি একটি পূর্ণবয়স্ক পুরুষ কাতলা। সুরতহাল শেষে স্থানীয়দের সহায়তায় মৃত মাছটি মাটিচাপা দেওয়া হয়।
হালদা দূষণ, অবৈধ উপায়ে নিষিদ্ধ হালদায় মাছ শিকারে বিষ প্রয়োগসহ নানান কারণে প্রতিনিয়ত ব্রুড মাছ, গাঙ্গেয় ডলফিন মরে ভেসে উঠে।


