কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানিক দল। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পূর্বে আটক হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়ার জুম্মা পাড়া সংলগ্ন গহিন পাহাড়ি এলাকায় বেশ কিছু মানুষকে সাগর পথে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ২ জন মানবপাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের বরাতে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাচারের চেষ্টা করছিল। পাচারকারীরা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোটযোগে তাদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।
তবে তারা ভুক্তভোগীদের আটক রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


