সর্বশেষ

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল

কে এম ইউসুফ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নন্দীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ভোরের দিকে প্রায় ১২-১২ জন কর্মী ধোপার দিঘির পাড় এলাকায় আকস্মিকভাবে মিছিল শুরু করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন। প্রায় পাঁচ মিনিট স্থায়ী এ মিছিল শেষে দ্রুত সটকে পড়েন অংশগ্রহণকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং কেউ কেউ হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন।

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, “ভিডিও বিশ্লেষণ করে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্য কার্যক্রম নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলছে। পুলিশের তৎপরতায় দ্রুতই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা