অবশেষে আজ সোমবার ১২শত পর্যটক নিয়ে রওনা করেছে সেন্টমার্টিনগামী ৩টি জাহাজ। সকাল ৭ টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে।
ভোর থেকেই ঘাটে আসা শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ নামের জাহাজগুলোর যাত্রীরা।
এদিকে নির্দেশনা অমান্য করে টিকিট কাটায় কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।
‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান,
প্রশাসনের অনুমোদন অনুযায়ী ৬টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও যাত্রীর অনুপাত বিবেচনায় প্রথমদিন তিনটি জাহাজ চলাচল করছে। প্রতিদিন জোয়ার–ভাটা ও নদীর নাব্যতা বিবেচনায় যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে।
জানা যায়, সেন্টমার্টিনে ভ্রমণকারীদের ১২টি সরকারি নির্দেশনা মেনে ভ্রমণ করতে হবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের দ্বীপে রাত্রিযাপনের সুযোগ থাকছে।


