সর্বশেষ

বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঐতিহ্যবাহী ঋষিধামে অনুষ্ঠিতব্য দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঁশখালী অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, সেনাবাহিনীর মেজর নাজমুস সাদাত, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব লায়ন চন্দ্রশেখর মল্লিক, অর্থ সম্পাদক তড়িৎ গুহ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ঝুন্টু কুমার দাশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ঋষিধাম সংশ্লিষ্ট প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মেলা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তবৃন্দের নিরাপদ অবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক এই ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিতব্য ঋষিকুম্ভ ও কুম্ভমেলা দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার সকাল ৮টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে।
spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা