সর্বশেষ

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে রিট, অভিযোগ অস্বীকার দলের

ডিসিভি নিউজ ডেস্ক:

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এগারো দলীয় জোট সমর্থিত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মোঃ নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এ রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং মোঃ নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। তবে এই অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে এনসিপি। দলটির দাবি, বিএনপি নিজেদের প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক আড়াল করতেই জাতীয় পার্টিকে দিয়ে পরিকল্পিতভাবে এ রিট করিয়েছে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এক বিবৃতিতে বলেন, “ মোঃ নাহিদ ইসলাম তার পুরো জীবনে মাত্র দুইটি দেশে মালয়েশিয়া ও চীনে সফর করেছেন। এর বাইরে তিনি কখনো কোনো দেশে যাননি। যেসব দেশের নাগরিকত্ব গ্রহণের অভিযোগ তোলা হচ্ছে, সেসব দেশে তিনি কখনোই যাননি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হাস্যকর।”

তিনি আরও বলেন, “মূলত বিএনপির প্রার্থীর বিরুদ্ধে থাকা দ্বৈত নাগরিকত্বের ইস্যু ধামাচাপা দিতেই জাতীয় পার্টিকে সামনে রেখে এ অভিযোগ আনা হয়েছে।” এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।আদালতের রায়ের ওপরই এখন নির্ভর করছে ঢাকা-১১ আসনের এই প্রার্থিতা সংক্রান্ত পরবর্তী পরিস্থিতি।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা