সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় গেলো ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক সার্ভিস বোটে তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় ২৬ এপ্রিল রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে প্রায় ৮৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ২১৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জব্দকৃত গাঁজা, বিদেশি মদ এবং গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


