সর্বশেষ

গোমতী নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা, প্রস্তুত কুমিল্লা প্রশাসন

ডিসিবি নিউজ ডেস্ক:

দুই দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার কয়েকটি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে গোমতী নদীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হতে দেখা গেছে। যা এখনো বিপৎসীমা (১১ দশমিক ৩ সেন্টিমিটার) থেকে প্রায় ৩ মিটার নিচে রয়েছে। তবে মাত্র ২৪ ঘণ্টায় নদীর পানির স্তর প্রায় ৫ মিটার বেড়েছে বলে জানিয়েছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোঃ ওয়ালিউজ্জামান জানান, কুমিল্লা অঞ্চলের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যেও ভারী বর্ষণ হচ্ছে। ত্রিপুরার পাহাড়ি এলাকা থেকে নেমে আসা পানি গোমতী নদী হয়ে কুমিল্লায় প্রবেশ করছে, যার ফলে পানির পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। তিনি বলেন, বৃষ্টি থেমে গেলে এবং উজানের ঢল বন্ধ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা থেকেই যাচ্ছে।

এ অবস্থায় কুমিল্লা জেলা প্রশাসন নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফরিদ উদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গোমতীর পানি এখনো বিপৎসীমার প্রায় ৯.৮৪ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা আশঙ্কা করছেন, বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ফসল ও ঘরবাড়ির ক্ষতি হতে পারে। তাই আগেভাগেই জরুরি সহায়তা কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা