চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার এলাকায় রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা এবং যানবাহনের যত্রতত্র পার্কিংয়ের মাধ্যমে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৮ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম।
অভিযান শেষে তিনি বলেন, “বিবিরহাট বাজারে রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ৮ ব্যক্তিকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অবৈধ দখল ও শৃঙ্খলাহীন পার্কিং বন্ধে প্রশাসনের অবস্থান কঠোর থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


