ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটনার সময় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রেক্ষিতে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি লেখেন, ‘আল্লাহ তা’য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাঁদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তা’য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা’য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী’র সর্বস্তরের জনশক্তি (নেতাকর্মী) ও এলাকাবাসী যেন উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করে এটাই এখন জরুরি।
ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দগ্ধ ও আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


