সাভারের আশুলিয়ায় আজ (বুধবার) পৃথক কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিএনপি আয়োজন করেছে সমাবেশ, আর এনসপি করবে পদযাত্রা ও পথসভা। একই এলাকায় ঘনিষ্ঠ সময়ের মধ্যে দুটি রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ডেইলি ক্যাপিটাল ভিউজ’কে জানান, ‘বিএনপি ও এনসিপির কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১ হাজার সদস্য মোতায়েন রয়েছে।’
আজ বিকেল ৩টায় শ্রীপুর এলাকার দারুল ইহসান মাদ্রাসা মাঠে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ‘ছাত্র-জনতার গণহত্যা’ স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের অংশীদারদের সম্মানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হচ্ছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টায় বাইপাইল এলাকায় পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির সাভার উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জুলকারনাইন জানান, নরসিংদীতে একটি প্রোগ্রামে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীরা রাত ৮টার মধ্যে সাভারে পৌঁছাবেন। তবে স্থানীয় নেতাকর্মীদের সন্ধ্যা ৬টায় উপস্থিত হতে বলা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘আমরা সাভারে ঐক্যবদ্ধভাবে সব অপশক্তি রুখে দিতে প্রস্তুত। এনসপিও আমাদের জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের প্রোগ্রামেও সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
দুই দলের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পন্ন করতে নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্যেরও বার্তা দিচ্ছে এই আয়োজন।


