জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাটহাজারী উপজেলার শ্রদ্ধেয় জুলাই শহিদ মোহাম্মদ ইউছুফ ও জুলাই শহিদ মোহাম্মদ জামাল উদ্দীনের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এই সময় শহিদ পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ সকল বীর সন্তানদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শহিদদের এই আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


