অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়ার লক্ষ্যে ৩৫টি মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যৌথ ঘোষণাপত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি, রোগ নিরীক্ষণ ও প্রতিরোধ কার্যক্রমে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, শ্বাসকষ্টসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগ দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, কৃষি, খাদ্য, ক্রীড়া, পরিবেশ, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, “জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতে হবে। যেকোনো চ্যালেঞ্জের মধ্যেও সুস্থ ও সবল প্রজন্ম তৈরি করতে হবে।”
বিশেষজ্ঞদের মতে, এই যৌথ ঘোষণাপত্র বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং অসংক্রামক রোগ মোকাবিলায় বহুমাত্রিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।


