সর্বশেষ

পিআর পদ্ধতি সংবিধানে নেই, তাই সম্ভব নয় : প্রধান নির্বাচন কমিশনার

ডিসিভি নিউজ ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধানে নেই বলে আনুপাতিক বা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশন সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে না।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “নির্বাচন হবে কি হবে না, কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতেই আমরা প্রস্তুতি নিচ্ছি।” তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনার পর থেকেই নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে। রমজানের আগে, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে এবং নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, “দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে এখনো রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। রায় হলে কমিশন বিষয়টি বিবেচনা করবে।” ভোটকেন্দ্র দখল ও সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিইসি বলেন, কেউ ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। অস্ত্রের মাধ্যমে জয়ী হওয়ার চেষ্টা করা প্রার্থীদের জন্যও ‘দুঃসংবাদ’ রয়েছে।তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স নয়, সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের পদায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন সিইসি। তবে নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যেসব কর্মকর্তা পূর্ববর্তী নির্বাচনে অনিয়মে জড়িত ছিলেন, তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে।বর্তমান সরকার নির্বাচন বিষয়ে কোনো চাপ দেয়নি দাবি করে তিনি বলেন, “কোনো চাপ এলে আমি পদত্যাগ করব, চেয়ারে থাকব না।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা