উপমহাদেশের প্রাচীন ও খ্যাতনামা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাকে ইঙ্গিত করে অবমাননাকর পোস্ট দেওয়ায় আরিয়ান ইব্রাহীম (২৫) নামে এক যুবককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিয়ান ইব্রাহীম ওই এলাকার বাসিন্দা মোঃ মুছার পুত্র।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, “উস্কানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে ডিঅ্যাকটিভ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।”
এর আগে একই দিন সকালে ‘আরিয়ান ইব্রাহীম’ নামের ফেসবুক আইডি থেকে হাটহাজারী মাদ্রাসাকে ইঙ্গিত করে অবমাননাকর পোস্ট দেওয়া হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী সংশ্লিষ্ট ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।


