চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় এক যুবককে কৌশলে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুরুং ওন্দা মিয়ার বাপের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল্লাহ আল মাসুদ (৩২)। তিনি ঐ এলাকার মোঃ মোজাহের এর পুত্র ও পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
নিহতের ছোট ভাই আব্দুল্লাহ আল রাশেদ (২৪) বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একই এলাকার মৃত হারুনের ছেলে মোঃ ওসমান (২৭) ও মৃত আবুল বশর চৌধুরীর ছেলে মোঃ আফাজ উদ্দিন (৩১)-এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী জানান, তার ভাই মুনাফখীল মাদ্রাসা থেকে ফেরার পথে ১নং আসামি ওসমান কৌশলে তাকে ছাদে ডেকে নেয়। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা অন্যান্য আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা, চোখ, হাত ও পায়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাসুদ মারা যান বলে নিশ্চিত করেছেন তার চাচা মাস্টার কামাল।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ বলেন, ঘটনার পরপরই নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


