কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মোঃ আমিনের সন্তান মোহাম্মদ হাছান (৮) ও নুরী (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর খালার বাড়িতে বেড়াতে এসে দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক বলেন, “খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।


