সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধারা পাচ্ছেন আজীবন ভাতা ও চিকিৎসা সুবিধা : উপদেষ্টা ফারুক-ই-আজম

নিউজ ডেস্ক : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মাসিক ভাতার পাশাপাশি আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে বিনা খরচে চিকিৎসা পাবেন। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

ফারুক-ই-আজম জানান, আহত যোদ্ধাদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক ভাতা দেয়া হবে :

‘এ’ ক্যাটাগরি: গুরুতর আহত ৪৯৩ জন, যাদের চলাচলে অন্যের সহায়তা প্রয়োজন। তারা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন এবং এককালীন ৫ লাখ টাকা পাবেন। ইতোমধ্যে ২ লাখ টাকা দেয়া হয়েছে, বাকী ৩ লাখ টাকা আগামী মাসে প্রদান করা হবে।

‘বি’ ক্যাটাগরি: আংশিক অক্ষম ৯০৮ জন যোদ্ধা, যারা অন্যের আংশিক সহায়তায় চলাফেরা করতে পারেন। তারা মাসে ১৫ হাজার টাকা এবং এককালীন ৩ লাখ টাকা (১ লাখ দেয়া হয়েছে, বাকি ২ লাখ আগামী মাসে) পাবেন।

‘সি’ ক্যাটাগরি: চিকিৎসার পর সুস্থ হওয়া ১০ হাজার ৬৪২ জন যোদ্ধা, যারা মাসে ১০ হাজার টাকা এবং এককালীন ১ লাখ টাকা পেয়েছেন।

গেজেটভুক্ত ৮৩৪ জন ‘জুলাই শহীদের’ প্রত্যেক পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। বাকি ২০ লাখ টাকা আগামী অর্থবছরে পরিশোধ করা হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে একটি আলাদা অধিদপ্তর গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরে ২০ জন কর্মকর্তা এবং একজন অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করছেন। আহতদের কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসা ও বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করছে সরকার। গুরুতর আহত ৭ জনকে ইতোমধ্যে তুরস্কে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

উপদেষ্টা জানান, প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, শহীদ ৮৩৪ পরিবারের মধ্যে ১৩৪ পরিবার ওয়ারিশ জটিলতায় ভাতা পেতে দেরি হচ্ছে। এছাড়া আহত যোদ্ধাদের তালিকায় কিছু ভুল থাকলেও, তা তদন্ত সাপেক্ষে সংশোধন করা হচ্ছে।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “জুলাই যোদ্ধারা এই দেশের গণতন্ত্রের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাদের ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সরকার তাদের পাশে থাকবে সব সময়।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা