অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট (সোমবার) বিকেল ৫টায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এটি জাতির সামনে উপস্থাপন করা হবে। এই অনুষ্ঠানে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সব পক্ষ অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নথি জাতির সামনে উপস্থাপন করা হবে।” এছাড়া, ঘোষণাপত্রের উপস্থাপন অনুষ্ঠান ও তাতে অন্তর্ভুক্ত বিষয়বস্তু নিয়ে আলাদা একটি বিস্তারিত ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রোডম্যাপ, জাতীয় ঐকমত্য এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সম্ভাব্য দিকনির্দেশনা দিতে পারে।এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি গুরুত্বপূর্ণ মোড়বদলের সূচনা হতে পারে যা দেশের রাজনীতিতে নতুন গতি আনবে।
উল্লেখ্য, কয়েক মাস ধরেই অন্তর্বর্তী সরকারের অধীনে গণঅভ্যুত্থানপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছিল। জুলাই ঘোষণাপত্র সেই সংলাপেরই ফলাফল বলে ধারণা করা হচ্ছে।


