চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে একদল যুবকের ছুরিকাঘাতে খুন হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০)। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কের মাছ বাজার গলিতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা তামিম নামীয় এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তাঁর পরিচয় জানা যায়নি। নিহত অপু দাশ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনিকপাড়া এলাকার মিন্টু দাশের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকেও ছুরিকাঘাত করে বাজারের সরু গলি ধরে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন। জানা যায়, অপু দাশকে গলায় এবং আহত তামিমকে পেটে আঘাত করে খুনিরা।
এদিকে আশপাশের ভিডিও ফুটেজ দেখে জড়িত সনাক্ত করে আবছার (১৮) নামীয় এক যুবককে আটক করেছে পুলিশ। সে কক্সবাজার সদর পানখালি এলাকার কবির আহমেদ পুত্র। চৌধুরীহাটে সুজন কলোনিতে বসবাস করে।
ঘটনাস্থল পরিদর্শন করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ রাত সাড়ে ১১টার দিকে বলেন, ‘নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাঁকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে রাত ১২টার দিকে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূইয়া জানান আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আমরা সনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছি, আরও যাচাই-বাছাই চলছে।


