বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীর সঙ্গে বিয়ে ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, বিদেশে পড়াশোনার সুযোগ, সরকারি চাকরি, বিমানবালা হিসেবে নিয়োগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির হোসেন একে একে ১৭ নারীকে বিয়ে করেছেন। এ ঘটনায় প্রতারিত নারী ও তাদের পরিবার গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। সেখানে ঢাকার নাজনীন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলনসহ একাধিক নারী নিজেদের প্রতারণার শিকার দাবি করেন।
এদিকে, একাধিক বিয়ে কেলেঙ্কারির ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশালে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। তিনি স্ব-প্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মোঃ সাদিক আহমেদ পিবিআইকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন কর্মস্থলে থাকাকালে বিয়ে ও প্রতারণা করেছেন। মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ এর ৬ ধারার বিধান লঙ্ঘন করে তিনি গুরুতর অপরাধ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


