চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বাজারে মূল্য স্বচ্ছতা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে।”


