সর্বশেষ

সেপ্টেম্বরের ৯ তারিখের পর বাড়তে পারে বৃষ্টিপাত, বলছে আবহাওয়া অফিস

ডিসিভি নিউজ ডেস্ক:

দেশে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় বৃষ্টিপাত কমেছে, ফলে তাপমাত্রা বেড়ে গরমের মাত্রা বাড়ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টি আবারও বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ দেখা দিতে পারে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এবং পরবর্তী দু’দিন (রোববার ও সোমবার) প্রায় একই ধরনের আবহাওয়ার ধারা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের আভাস রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের প্রবণতা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বলেন, “৯ সেপ্টেম্বরের পর দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। এর আগে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে না, সেখানে গরমের দাপট বেশি থাকবে।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা