ঢাকার সাবেক ডিসি, সাবেক বিভাগীয় কমিশনার ও সরকারের সাবেক সচিব আব্দুল বারী বলেছেন, “৫ আগস্টের পর দেশ আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব।”
বুধবার (২০ আগস্ট) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আব্দুল বারী বলেন, চাকরি জীবনে কখনো ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে আপস করেননি। মিথ্যা স্বাক্ষ্য না দেওয়ার কারণে তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে অসত্য প্রমাণিত হয়। অবসরের পরও ৫ বছর ৮ মাস তার পেনশন বন্ধ রাখা হয় এবং ওএসডি করে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়।
তিনি জানান, রাজনীতি করার আগ্রহ না থাকলেও জনগণের অনুরোধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। জয়পুরহাট-২ আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “দল যদি আমাকে সৎ ও যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবো।”
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।


