হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযানে ২শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অগাস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান চালান।
জানা গেছে, গোপন তথ্যে খবর পেয়ে হাটহাজারী পৌরসভার কৃষি ফার্ম রোডস্থ মাছ বাজার সন্নিকটে ‘আজমল জেনারেল স্টোর ও মক্কা স্টোর’ নামীয় দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় দুইশত কেজি নিষিদ্ধ ঘোষিত এসকল পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে আজমল জেনারেল স্টোরের মালিক আজমলকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) ধারায় দশ হাজার টাকা এবং মক্কা স্টোরের মালিক ফরিদুল আলমকে দুই হাজার টাকাসহ মোট বারো হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজার মুল্য ছত্রিশ হাজার টাকা।


