চট্টগ্রামে ফেসবুকে একটি জাতীয় দৈনিকের প্রকাশিত সংবাদ শেয়ার করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদাবাজ’,সন্ত্রাসী’ এমনকি ‘রাজাকার’ ও ‘জামায়াত-শিবিরের প্রোডাক্ট’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগীর নাম মোঃ আলাউদ্দিন। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানার জালালাবাদ এলাকার বাসিন্দা। ৩০ আগস্ট ২০২৫ ইং তারিখে তিনি জাতীয় দৈনিকের সংবাদ নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ ঘটনায় প্রতিপক্ষ হিসেবে নাম উল্লেখ করা হয়েছে ১) শাহজাহান চৌধুরী ২) মোঃ ইসতিয়াক চৌধুরী এবং তাদের সহযোগীদের।
অভিযোগে বলা হয়,পোস্টটি শেয়ার করার পর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে। মোঃ ইসতিয়াক চৌধুরী তার ফেসবুক পেজে একাধিক মানহানিকর পোস্ট দেন,যেখানে আলাউদ্দিনকে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলা হয়। এমনকি রাজনৈতিকভাবে আক্রমণ করে তাকে ‘রাজাকার’ ও ‘জামায়াত-শিবিরের প্রোডাক্ট’ বলেও কটাক্ষ করা হয়। এসব পোস্টে শতাধিক ব্যক্তি লাইক, শেয়ার ও মন্তব্য করেছে। আলাউদ্দিনের ভাষ্যমতে,এসব মন্তব্য ও পোস্টের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগে আরও দাবি করেন,এসব পোস্ট এবং মন্তব্যের স্ক্রিনশট সংরক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করা হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে অভিযোগপত্রে অভিযুক্তদের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।


