নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঘিরে ঘটে যাওয়া ‘মব’ ঘটনার বিষয়ে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। যদি দলের কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা নেওয়া হবে।”
আজ সোমবার গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
সালাহউদ্দিন আহমদ বলেন, “গতকালের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপি এ ধরনের সংস্কৃতিকে সমর্থন করে না।” তিনি আরও বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তা যেন আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়—এটাই আমাদের প্রত্যাশা। তবে তার ওপর যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে, তা আমরা সমর্থন করি না।”
তিনি বলেন, “যদি বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে—এটাই দলের সুস্পষ্ট অবস্থান।”
গতকাল (রবিবার) রাতে রাজধানীর উত্তরা এলাকায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে জনতা ঘেরাও করে। এ সময় তাকে নাজেহাল করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির পক্ষ থেকে ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান নেওয়া দলের রাজনৈতিক শালীনতা এবং সংগঠন পরিচালনায় শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপের একটি বার্তা। একইসঙ্গে এটি রাজনৈতিক প্রতিপক্ষের সম্ভাব্য দোষারোপ মোকাবেলায় একটি কৌশলী অবস্থান বলেও মনে করা হচ্ছে।


